কে পি শর্মা অলির পদত্যাগপত্র গ্রহণ করলেন নেপালের রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
নেপালে তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।
এদিকে, প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা অলির পদত্যাগের পত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পোউডে। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরান পোখেরাই জানিয়েছেন, ‘সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।’
সংবিধানের সালে মিল রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রেসিডেন্ট এর মধ্যেই আলোচনা শুরু করেছেন বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়েছে সারাদেশে। দুইদিনের সহিংসতায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। জেন-জি বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সূত্র : বিবিসি।
