কোটালীপাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যুবলীগ নেতা কাবুল মোল্লার (৪৫) বিরুদ্ধে রুবেল মোল্লা (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রুবেল মোল্লার পরিবারে এখন শোকের মাতম চলছে।

নিহত রুবেল মোল্লা উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের মধুর নাগরা গ্রামের কৃষক রহিম মোল্লার ছেলে। অন্যদিকে, অভিযুক্ত কাবুল মোল্লা একই গ্রামের ছাদেক মোল্লার ছেলে এবং বান্ধাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

ঘটনার সূত্রপাত ১২ জানুয়ারি ভোরে ধান ক্ষেতে পানি দেওয়া নিয়ে। এ সময় কাবুল মোল্লার সঙ্গে রুবেলের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কাবুল মোল্লা রুবেলকে পিটিয়ে আহত করেন।

পরবর্তীতে রুবেল স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। কিন্তু ১৪ জানুয়ারি সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুকে ব্যথা ও নাক-মুখ দিয়ে রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। দুই ঘণ্টা চিকিৎসার পর রুবেল মারা যান।

নিহতের চাচাতো ভাই রমজান মোল্লা বলেন, রুবেলের কোনো রোগ ছিল না। ছয় মাস আগে সে বিয়ে করেছে। সামান্য পানি দেওয়ার বিষয় নিয়ে কাবুল মোল্লা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। এখন রুবেলের সদ্য বিবাহিত স্ত্রীর কী হবে?

রুবেলের বোন লাইজু খানম বলেন, আমার ভাই মারা যাওয়ার পরের দিন কাবুলের স্ত্রী লিপি বেগম আমাদের বাড়িতে এসে মা-বাবার কাছে মাফ চেয়েছে। কিন্তু এটা কোনো সমাধান হতে পারে না। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই।

অন্যদিকে, যুবলীগ নেতা কাবুল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ধান ক্ষেতে পানি দেওয়া নিয়ে রুবেলের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল। তবে আমি তাকে মারধর করিনি।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights