কোপায় জাদু দেখাবেন মেসি, আত্মবিশ্বাসী স্কালোনি

অনলাইন ডেস্ক
কোপা আমেরিকায় লিওনেল মেসি জাদু দেখাতে প্রস্তুত। আর্জেন্টিনা ভক্তদের এমন সুখবরই দিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

কোপায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ কানাডার বিরুদ্ধে শুক্রবার ভারতীয় ভোরে। এই মুহূর্তে মেসিরা প্রস্তুতি নিচ্ছেন আয়োজক দেশ আমেরিকার আটলান্টায়। সেখানে অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেছে গোটা দলকে।

স্কালোনি বলেছেন, ‘মেসি পুরো ফিট। আমেরিকায় জাদু দেখাতে তৈরি। ওকে দেখে গোটা দল উৎসাহে টগবগ করে ফুটছে। প্রত্যেকে নিজের সেরা ফুটবল খেলতে প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘সবাই পেশাদার, নিজেদের কাজ জানে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে আমাদের দায়িত্ব বেশি। আরও এক বার ট্রফি জিততে সবাই তৈরি।’

কোপায় গ্রুপ ‘এ’তে আর্জেন্টিনার গ্রুপে কানাডা ছাড়া আছে চিলি ও পেরু। গ্রুপ ‘বি’তে ইকুয়েডর, জামাইকা, মেক্সিকো ও ভেনেজুয়েলা। গ্রুপ ‘সি’তে বলিভিয়া, আমেরিকা, পানামা ও উরুগুয়ে।

ব্রাজিল প্রথম ম্যাচে নামছে ২৫ জুন কোস্টারিকার বিরুদ্ধে। গ্রুপ ‘ডি’-তে ব্রাজিল, কোস্টারিকা ছাড়া দুই দেশ কলম্বিয়া ও প্যারাগুয়ে। প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল শেষ আটে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights