কোরবানি দিতে গিয়ে দুই দিনে হাসপাতালে ৬৪১ জন

অনলাইন ডেস্ক

কোরবানি ঘিরে পশুর লাথি ও অন্যান্য দুর্ঘটনায় আহত হয়ে দুই দিনে ৬৪১ জন রোগী চিকিৎসা নিয়েছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১৮১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসা শেষে ৪৩৪ জন হাসপাতাল ছেড়েছেন, তবে ২০৭ জন এখনও ভর্তি রয়েছেন।

নিটোর কর্তৃপক্ষ জানায়, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে এবং ঈদের দিন কোরবানি দিতে গিয়ে এসব দুর্ঘটনা ঘটে। ঈদের দিন শনিবারই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৩২৫ জন। এদের মধ্যে ১০২ জনের জরুরি অপারেশন করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

নিটোরের জরুরি বিভাগের কনসালট্যান্ট ডা. রিপন ঘোষ জানান, কোরবানির সময় অসতর্কতা ও অভিজ্ঞতার অভাবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। কেউ হাত কেটে ফেলেছেন, কেউ পা বা রগে আঘাত পেয়েছেন। আবার কেউ পশুর ধাক্কায় বা লাথিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

ঈদের আগের দিন শুক্রবার চিকিৎসা নিতে আসা ৩১৬ জনের মধ্যে ৭৯ জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়। ভর্তি করতে হয়েছে ৮৫ জনকে।

রোববার, ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই একের পর এক আহত রোগী নিটোরে আসতে থাকেন। হাসপাতালের আনসার সদস্য হাবিব জানান, দুপুর ১২টা পর্যন্ত অন্তত ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হয়েছেন। দিনভর আরও রোগী আসার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights