কৌশলগত স্বার্থ নিয়ে আলোচনা করতে রিয়াদে ইরাকের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক

আঞ্চলিক নিরাপত্তা এবং যৌথ কৌশলগত স্বার্থ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে একটি ইরাকি নিরাপত্তা প্রতিনিধিদল।

‘ইরাক নিউজ এজেন্সি’র বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

ইরাকি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কার্যালয়ের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আমির আল-শাম্মারি প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। ইরাকি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলে গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনীর প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

সৌদি কর্মকর্তাদের সাথে এ আলোচনায় মূল প্রাধান্য পাবে-সৌদি আরবে সম্প্রতি হওয়া হামলা, ড্রোন সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকি এবং দু’দেশের সীমান্ত নিরাপত্তা সহযোগিতা জোরদার করার পদক্ষেপসমূহ।

গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বলেছিলেন, অন্য কোনো দেশকে লক্ষ্য করে আক্রমণ চালানোর জন্য বাগদাদ তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তাঁর এই মন্তব্যের এক সপ্তাহের মাথায় সফরটি অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবকে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights