ক্লাস চলাকালে খুলে পড়ল সিলিং ফ্যান, অতঃপর…

মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ে যায়। সকাল পৌনে ১১টার দিকে অষ্টম শ্রেণির গণিত ক্লাস চলাকালে বিকট শব্দে একটি ফ্যান খুলে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ জানান, ফ্যানের ব্লেডে আঘাত পেয়ে আফরোজার নাক কেটে যায় এবং রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, ‘ভবনটি আগে একতলা ছিল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) মাধ্যমে ২০২৩ সালে এটি তিনতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্যান বসায়। সম্ভবত নাট-বোল্ট ঢিলা বা ক্ষয়ে যাওয়ায় ফ্যানটি পড়ে যায়। শিক্ষার্থীর মাথায় পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ইতোমধ্যে ভবনের সব ফ্যান পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে রিপোর্ট পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights