খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে চা দোকানির মৃত্যুদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন (৫২) নামে এক চা দোকানিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(৬ জুলাই) দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক বছরের ব্যবধানে রায় হওয়ার মধ্যে দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় একটি মাদ্রাসায় খাবারের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত চা দোকানিকে গ্রেফতার করে। যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আদালত রায় ঘোষণা করেন।
