খাগড়াছড়ির রামগড়ে মাদক বিরোধী ম্যারাথন
খাগড়াছড়ি প্রতিনিধি
মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন প্রতিযোগিতা। ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এ প্রতিপাদ্যেকে সামনে রেখে ম্যারাথনে অংশ নেন তিন শতাধিক দৌড়বিদ।
শুক্রবার সকালে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন এর আয়োজনে রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় পাঁচ কিলোমিটারের দূরত্ব ম্যারাথন। টি-শার্ট ও ক্যাপ পরে বিভিন্ন বয়সী নানা পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত দৌড়ে ম্যারাথন সম্পন্ন করেন।
ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম ১০ জনকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রধান করা হয়। এরমধ্যে মাত্র ১৩ মিনিটে নির্ধারিত দৌড় প্রতিযোগিতা সম্পন্ন করে প্রথম হন মেহেদী। পর্যায়ক্রমে দ্বিতীয়স্থানে নোমান ও তৃতীয় হন নাজমুল।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের নির্দেশনা দেন ঢাকা থেকে আগত জাতীয় অ্যাথলেটিক্স ইমাজ উদ্দিন ও রামগড়ের সন্তান জাতীয় অ্যাথলেটিক্স জীবন ত্রিপুরা।
হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা বলেন, রামগড়ে এ ধরনের ম্যারাথন এবারই প্রথম। তাদের মতে, এমন উদ্যোগ মানুষকে খেলাধুলামুখী করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
