খাবার না কিনলে বসাও যাবে না, চীনে স্টারবাক্সের নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

চীনে অবস্থিত নিজেদের সবকটি আউটলেটের জন্য নতুন নীতি ঘোষণা করেছে আন্তর্জাতিক কফি শপ চেইন স্টারবাক্স। বৃহস্পতিবার থেকে প্রযোজ্য হওয়া এই নতুন নিয়ম অনুযায়ী, ক্যাফেতে বসে সময় কাটাতে হলে গ্রাহকদের বাধ্যতামূলকভাবে কোনো না কোনো খাবার বা পানীয় অর্ডার করতে হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের অভ্যন্তরীণ অভিজ্ঞতা আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যেই তারা ‘নো অর্ডার, নো সিট’ নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রায় ৮ হাজার স্টারবাক্স স্টোরেই এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। মূলত লাকিন কফির মতো অভ্যন্তরীণ প্রতিযোগী ব্র্যান্ডগুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে নিজেদের সেবা আধুনিকীকরণের এই পদক্ষেপ নিলো স্টারবাক্স।

বিশ্বজুড়েই দীর্ঘদিন ধরে বিনা অর্ডারে দীর্ঘক্ষণ আসন দখল করে রাখা এবং অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছে স্টারবাক্স। সাম্প্রতিক সময়ে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য দেশেও কঠোর হয়েছে সংস্থাটি। উদাহরণস্বরূপ, দক্ষিণ কোরিয়ায় কাস্টমারদের স্টোরে কোনো ‘ভারি বা বিশাল আকৃতির জিনিসপত্র’ না আনার অনুরোধ জানিয়েছে তারা। সেখানে কিছু গ্রাহক ক্যাফেতে প্রিন্টার এবং আস্ত ডেস্কটপ কম্পিউটার নিয়ে এসে ঘণ্টার পর ঘণ্টা আসন দখল করে রাখছিলেন বলে অভিযোগ ওঠে।

অন্যদিকে, উত্তর আমেরিকাতেও বহু বছর ধরে চলে আসা তাদের ‘ওপেন-ডোর’ নীতি থেকে সরে এসেছে স্টারবাক্স। পূর্বে কোনো কিছু না কিনেও যে কেউ টেবিল ও শৌচাগার ব্যবহার করতে পারতেন, তবে বর্তমানে কেবল অর্থ প্রদানকারী গ্রাহকদেরই অগ্রাধিকার দেয়ার নীতি গ্রহণ করা হয়েছে।

সূত্র: ‍বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights