খুচরা ব্যাংকিংয়ে এগিয়ে দেশীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

♦ প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ছে

♦ করপোরেট ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ অর্থায়নে মনোযোগ বাড়াচ্ছে বিদেশি ব্যাংক

♦ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবসা হস্তান্তরে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে

♦ বিদেশি ব্যাংকগুলোর আন্তর্জাতিক নেটওয়ার্কের সমন্বয় দেশের বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে

♦ বিদেশি ব্যাংকগুলোর খুচরা ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠনের কারণে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে না-মো. শিহাব উদ্দোজা চৌধুরী, সহসভাপতি, বিজিএমইএ

বাংলাদেশের ব্যাংকিং খাতে বাড়ছে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও বাজার বিস্তৃতি। শাখা নেটওয়ার্ক, গ্রাহকসংখ্যা, ডিজিটাল সেবা, ক্রেডিট কার্ড ও আর্থিক পণ্যের পরিসর বাড়িয়ে খুচরা ব্যাংকিংয়ে শক্ত অবস্থান তৈরি করেছে দেশীয় ব্যাংকগুলো। এতে ব্যক্তিগত গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিং সেবায় বিদেশি ব্যাংকগুলোর প্রচলিত প্রতিযোগিতামূলক সুবিধা কমছে। ফলে খুচরা ব্যাংকিং থেকে ব্যবসায়িক কার্যক্রম পুনর্গঠন করে করপোরেট ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন ও আন্তসীমান্ত বিনিয়োগে বেশি মনোযোগ দিচ্ছে বিদেশি ব্যাংকগুলো। সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসির ব্যবসায়িক কৌশলে এমন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। গত ৮ অক্টোবর স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে তাদের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাইয়ের ঘোষণা দেয়। তবে বাংলাদেশে দীর্ঘমেয়াদি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে ব্যাংকটি। করপোরেট ও বিনিয়োগ ব্যাংকিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য, আন্তসীমান্ত মূলধন প্রবাহ এবং অবকাঠামো অর্থায়নে গুরুত্ব দেবে তারা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবসা হস্তান্তরে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। এ সময় ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চলবে।

অন্যদিকে এইচএসবিসিও বাংলাদেশে খুচরা ব্যাংকিং কার্যক্রম বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখবে ব্যাংকটি।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বিদেশি ব্যাংকগুলোর খুচরা ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠন বৈশ্বিক ব্যবসায়িক কৌশলের অংশ। এটি শুধু বাংলাদেশের জন্য নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রির উদ্যোগের পাশাপাশি অন্যান্য কার্যক্রম চালু রাখার পরিকল্পনা করপোরেট ব্যাংকিংয়ে তাদের বাড়তি মনোযোগের ইঙ্গিত দেয়। এতে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তবে গ্রাহকদের আস্থা বাড়াতে স্থানীয় ব্যাংকগুলোকে স্বচ্ছতা, সততা ও সেবার মান উন্নত করতে হবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, দেশজুড়ে কার্যক্রম সম্প্রসারণ, গ্রাহকসংখ্যা বাড়ানো এবং বৃহত্তর জনগোষ্ঠীকে খুচরা ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় ব্যাংকগুলোর স্বাভাবিকভাবেই প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। বিদেশি ব্যাংকগুলোর পক্ষে এত বিস্তৃত বাজারে কার্যক্রম পরিচালনা করা কঠিন। ফলে খুচরা ব্যাংকিংয়ে তাদের প্রতিযোগিতাও তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক অব্যাহত থাকলে এ পুনর্গঠনের কারণে দেশের আর্থিক খাত বা বিনিয়োগ প্রবাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে না। এটি বৈশ্বিক ব্যাংকিং কৌশলের বৃহত্তর রূপান্তরের অংশ।

বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী মনে করেন, বিদেশি ব্যাংকগুলোর খুচরা ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠনের কারণে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে না।

বিশ্লেষকদের মতে, বিদেশি ব্যাংকগুলোর খুচরা ব্যাংকিং থেকে সরে আসার অর্থ বাংলাদেশে তাদের আগ্রহ কমে যাওয়া নয়। বরং বৈশ্বিক নেটওয়ার্ক ও বিশেষায়িত দক্ষতা কাজে লাগিয়ে করপোরেট ব্যাংকিং, আমদানি-রপ্তানি অর্থায়ন, ঋণপত্র (এলসি), বৈদেশিক মুদ্রার লেনদেন, সিন্ডিকেট ঋণ ও বড় প্রকল্প অর্থায়নে গুরুত্ব দিচ্ছে তারা।

রপ্তানি সম্প্রসারণ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং অবকাঠামো উন্নয়নে এসব সেবা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ব্যাংকগুলোর করেসপন্ডেন্ট ব্যাংকিং নেটওয়ার্কও বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক বাজারের আর্থিক সংযোগ বজায় রাখতে ভূমিকা রাখে।

তবে স্থানীয় ব্যাংকগুলোর বাজার সম্প্রসারণের পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহকসেবার মান উন্নত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, শক্তিশালী স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা এবং বিদেশি ব্যাংকগুলোর আন্তর্জাতিক নেটওয়ার্কের সমন্বয় দেশের বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights