খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে গুলিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার মিস্ত্রিপাড়া ও জিন্নাহপাড়া এলাকায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুইজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আজ সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাপাড়া সাত নম্বর গলিতে দুর্বৃত্তরা খুশি (২৫) নামের এক নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তিনি এলাকার সুমন সরদারের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

এর আগে ভোর রাতে পূর্ব বানিয়াখামার মিস্ত্রিপাড়া এলাকায় তুষার (৩২) নামে আরেক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল ও গুলির দু’টি খোসা উদ্ধার করে। এসব ঘটনার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহ আলম বলেন, নিহত যুবক তুষার একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। প্রতিপক্ষের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights