গজারিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বাজারের জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি বাজার দিয়ে চলাচলের সময় যানবাহন নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। পরে দোকান মালিকরা যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন সে বিষয়ে তাদের সতর্ক করা হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, ‘পরিচ্ছন্ন গজারিয়া উপজেলা নির্মাণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আমরা। কার্যক্রমের অংশ হিসেবে আজ ভবেরচর বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হলো। পাশাপাশি বাজারের দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারে উদ্যোগ নিয়েছি আমরা। ইতোমধ্যে অবৈধ দখলদারদের স্বেচ্ছায় তাদের স্থাপনার সরিয়ে নিতে চিঠি দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সরে না গেলে আমরা অবৈধ স্থাপনা ভেঙে দিব’।
সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ, ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
