গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ডাকাতির অভিযোগ, থানায় মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় মৌচাক ইউটার্নে সিফাত পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
‎
‎শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪ নম্বরের সিফাত পরিবহনের বাসটি মৌচাক ইউটার্নে পৌঁছালে মো. মাসুদ (৩৫) নামে এক ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র প্রদর্শন করে বাসটির গতিরোধ করে। পরে তারা বাসে উঠে যাত্রী ও স্টাফদের ভয়ভীতি দেখিয়ে সুপারভাইজারকে মারধর করে। চালক লেবু মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
‎
‎অভিযোগ অনুযায়ী, দস্যুরা সুপারভাইজারের কাছে থাকা যাত্রীদের ভাড়ার প্রায় ২০ হাজার টাকা, দুটি বাটন মোবাইল এবং চালক লেবু মিয়ার একটি বাটন মোবাইল ছিনিয়ে নেয়। এ ছাড়া বাসের বিভিন্ন যাত্রীর কাছ থেকে ৬-৭টি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করা হয়। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ সময় বাসের চালক, হেলপার ও যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। পরে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।
‎
‎এ ঘটনায় চালক লেবু মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলাটি শনিবার (৩ অক্টোবর) ৩৯২ ধারায় (দস্যুতা) রুজু করা হয়েছে।
‎
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফারজানা বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights