গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলে জীবিত উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ এসব জেলেদের উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা তাদের মালিককে পাঁচ দিন পর ফোন করে জানান বিষয়টি। পরে ট্রলার মালিক জেলেদের উদ্ধারে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের কাছে সহায়তা চান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কোকিলমনি কোস্টগার্ড স্টেশনের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে বিকল ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করা হয়। এরপর উদ্ধারকৃত জেলেদের কোকিলমনি স্টেশন অফিসে এনে প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। শুক্রবার ট্রলারসহ মালিকপক্ষের কাছে উদ্ধারকৃত জেলেদর হস্তান্তর করা হয়। তবে, উদ্ধার হওয়া জেলেদের সঠিক নাম-পরিচয় জানাতে না পারলেও তারের বাড়ি বরগুনায় বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights