শ্রীপুরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার
মাগুরা প্রতিনিধি
মাগুরায় শ্রীপুরে নিজ বাড়ি থেকে রাব্বি মন্ডল (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাব্বি মন্ডল পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে। স্ত্রী ফারজানা একই উপজেলার আমতৈল গ্রামের ফায়জার হোসেনের মেয়ে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওলি মিয়া জানান, শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে রাব্বি মণ্ডলের গলাকাটা মরদেহ শোয়ার ঘরে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে রাব্বি মণ্ডল নিজ বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরে সকাল সাড়ে ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী ফারজানা বেগম ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে তাকে হত্যা করেছে। প্রায় ১০ বছর আগে রাব্বি মণ্ডল ও ফারজানা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, রাব্বি মণ্ডলের সঙ্গে তার স্ত্রী ফারজানা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুর থানা পুলিশ দ্রুত সময়ের মধ্যে ফারজানাকে গ্রেফতার করতে পেরেছে। দুপুর ১২টার দিকে শ্রীপুর থানার আমতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
