চট্টগ্রামে নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। বাজারে ক্রেতা থাকলেও আগের তুলনায় কমেছে পণ্য কেনার পরিমাণ। দাম বাড়ায় প্রয়োজনীয় পণ্যের তালিকা থেকে বিভিন্ন আইটেম বাদ দিচ্ছেন অনেক ক্রেতা। দূরপাল্লার পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়াকে দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।
শুক্রবার নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম কেজিতে ৭০ থেকে ১০০ টাকার ওপরে। গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বরবটি ৮০ থেকে ১২০, শিম ১৪০ থেকে ২০০, ঝিঙে ৬০ থেকে ৮০, করলা ৮০ থেকে ১২০, গাজর ১৫০ থেকে ১৮০, টমেটো ১০০ থেকে ১৬০, বেগুন ৮০ থেকে ১১০, শসা ৮০ থেকে ১০০, ঢেঁড়স ৭০ থেকে ১২০, পটল ৭০ থেকে ১২০, চিচিঙ্গা ৭০ থেকে ১০০, ধুন্দল ৮০ থেকে ১০০, কাঁকরোল ৮০ থেকে ১২০, কচুর লতি ৬০ থেকে ৮০, কচুরমুখী ৬০ থেকে ১০০, পেঁপে ৩০ থেকে ৪০, মিষ্টি কুমড়া ৫০ থেকে ৬০, লাউ ৮০ থেকে ১২০, চালকুমড়া ৭০ থেকে ৮০, কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ এবং ধনেপাতা প্রায় ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছের দামও বেড়েছে। রুই-কাতলা ৩৮০ থেকে ৪৩০, তেলাপিয়া ২৫০ থেকে ২৮০, পাঙাশ ১৮০ থেকে ২৫০, পাবদা ৪০০ থেকে ৪৫০, কই ২৮০ থেকে ৩০০, লইট্টা ২০০ থেকে ২৫০, কোরাল ৬৩০ থেকে ৭০০, রূপচাঁদা ৬০০ থেকে ১ হাজার ২০০ এবং চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে বেড়েছে মুরগি ও ডিমের দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকায়। সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এছাড়া সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০, কক ২৬০ থেকে ৩০০, লেয়ার ২৮০ থেকে ৩২০ এবং দেশি মুরগি ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম এখন ১৫০ টাকা।
নগরের চকবাজারের সবজি ক্রেতা মোহাম্মদ করিম বলেন, ‘নিত্যপণ্যের এখন অগ্নিমূল্য। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দ্রুত বেড়েছে পণ্যের দাম। আগে যে টাকা নিয়ে বাজারে এসে একটি পরিবারের এক সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকা দিয়ে কয়েকদিনের বাজারও হয় না।’
