‘গরুর মাংসযুক্ত’ চাল আবিষ্কার বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক

একটি নতুন ধরনের টেকসই হাইব্রিড খাবার চাল আবিষ্কার করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। একে তারা ‘গরুর মাংসযুক্ত’ চাল আখ্যা দিয়েছেন। তাদের দাবি, চালের নতুন এই জাতটি খাদ্য সঙ্কট এবং জলবায়ু পরিবর্তন সমাধানে সহায়তা করতে বড় ভূমিকা রাখতে পারে।

নতুন শস্যটি গবেষণাগারে উৎপাদন করেছেন দক্ষিণ কোরিয়ার সিউলের ইয়নসেই ইউনিভার্সিটির গবেষকরা। এটি গরুর মাংসের পেশী এবং চর্বিযুক্ত কোষে পরিপূর্ণ।

গবেষকরা জানিয়েছেন, গোলাপি এই চাল দামে সস্তা এবং আরও পরিবেশগতভাবে টেকসই মাংসের বিকল্প হতে পারে। একইসঙ্গে এটি উৎপাদনে কার্বন নিঃসরণের মাত্রা কম।
গবেষণার সহ-লেখক পার্ক সো-হাইয়ন বলেছেন, “কল্পনা করুন, কোষ সমৃদ্ধ প্রোটিন চাল থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সব পুষ্টি পাচ্ছি।”

তিনি বলেন, “এই চালে উচ্চ পুষ্টির স্তর রয়েছে, তবে পশুসম্পদ থেকে কোষ যুক্ত করার বিষয়টি একে আরও সমৃদ্ধ করে তুলতে পারে।”

গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, গরুর মাংসের কোষগুলোকে চালের উপর আটকে রাখতে সাহায্য করার জন্য শস্যটিতে মাছের জেলটিনের প্রলেপ দেওয়া হয়েছিল। উৎপাদিত চালে নিয়মিত চালের চেয়ে ৮ শতাংশ বেশি প্রোটিন এবং ৭ শতাংশ বেশি চর্বি পাওয়া গেছে। বাণিজ্যিকভাবে উৎপাদন করা হলে এক কেজি চালের দাম হবে প্রায় ২ দশমিক ২৩ ডলার। অথচ দক্ষিণ কোরিয়ায় এক কেজি গরুর মাংসের দাম প্রায় ১৫ ডলার। সূত্র: নেচার, আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ, নিউ ইয়র্ক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights