গাঁজা কাণ্ডের পর এবার অতিরিক্ত মদ্যপান, এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
অনলাইন ডেস্ক
জুরিখ থেকে দিল্লিগামী ফ্লাইট পরিচালনার আগে অ্যালকোহল পরীক্ষায় নির্ধারিত সীমার বেশি মাত্রা শনাক্ত হওয়ায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে এ ঘটনা ঘটে। উড্ডয়নের আগেই ওই পাইলটকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের সন্দেহ হয়, পাইলটের শরীর থেকে অ্যালকোহলের গন্ধ আসছে। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। পরে ফ্লাইট ছাড়ার ঠিক আগে ওই পাইলটের ব্রেথ অ্যানালাইজার ও সোব্রিয়েটি পরীক্ষা করা হয়। এতে তার শরীরে অতিরিক্ত মদ্যপানের কারণে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি থাকার প্রমাণ মেলে। ফলে ওই ফ্লাইট পরিচালনা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর সুইজারল্যান্ডের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা দেশটির আইন অনুযায়ী পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। একই সঙ্গে বিষয়টি ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে জানানো হয়। এরপর ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে বিমান চলাচলের নিরাপত্তাবিধি ও সংশ্লিষ্ট ব্যবস্থা আরও কঠোরভাবে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং বিমান চলাচলের বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংস্থাটি কোনো ধরনের আপস করে না। জুরিখের ঘটনাতেও একই নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে তারা।
এর আগে, এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি ফ্লাইটের এক পাইলট গাঁজা পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। সেই ঘটনার পর জুরিখে অতিরিক্ত মদ্যপানের অভিযোগে আরেক পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
সূত্র : আনন্দবাজার।
