গাংনীতে কৃষক লীগ সভাপতিসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে এনামুল হক নইলে হত্যা মামলায় গাংনী উপজেলা কৃষকলীগ সভাপতি আতিয়ার রহমানসহ ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদ উল্লাহ এই রায় দেন। এসময় বিচারক আসামিদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করেন। অনাদায়ে সাজাপ্রাপ্তদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, ছামিদুল ইসলাম, শাহার আলী, টিপু সুলতান, আব্দুল খালেক, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল মান্নান ও জিল্লুর রহমান।
রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. একেএম শফিকুল আলম ।

মামলায় ১৫ জনের সাক্ষী গ্রহণ করে বিচারক এ রায় দেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে প্রথমে গাংনী থানার এসআই মাহাতাব উদ্দিন এবং পরবর্তীতে সিআইডির এসআই হাসান ইমাম দায়িত্ব পালন করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য জানান, ২০১৭ সালের ৩০ জুলাই গাংনী উপজেলার ধলা গ্রামে এনামুল হক নইল নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে ওই ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলা হয়। এই ঘটনায় ওই ব্যক্তির ভাই আহমল হোসেন টুটুল বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক ঘটনার তদন্ত এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামিদের বিরদ্ধে এই রায় প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights