গাংনী সিমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি-গ্রামবাসী
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার তেতুল বাড়ি সিমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতের বিএসএফ। তবে তেঁতুলবাড়ীয়া সীমান্তের বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ৬ জন ভারতের ভূখণ্ডে কাটাতারের বেড়ার পাশে অবস্থান করছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
বিজিবি ও এলাকাবাসী জানান, আজ শনিবার ভোরে বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১৪০-এর সাব-পিলার ৪ এস সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকা দিয়ে বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তারা পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী ও বিজিবি তাদের বাধা দেয়। পরে তারা আবার সীমান্তের বেড়ার পাশে ফিরে যায়। বর্তমানে ওই ৬ জন ভারতের ভূখণ্ডে কাটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। বিজিবি মাইকিং করে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি বিএসএফকে ওই ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যটলিয়নের সহকারি পরিচালক নরুল হুদা বলেন, অবৈধ অনুপ্রবেশকারী কিংবা পুশইনের কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, বিষয়টি সমাধানে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
