গাকৃবি’র গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীনের দায়িত্বে তোফাজ্জল ইসলাম
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডীন হিসেবে নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার বিকেলে বর্তমান ডীন প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন মিঞার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রফেসর ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড বায়োসায়েন্সে সর্বোচ্চ ডিস্টিনকশনসহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি গাকৃবি’র ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (আইবিজিই) প্রতিষ্ঠাতা পরিচালক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক বিভাগ এবং বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর উল্লেখযোগ্য কর্মজীবনের মধ্যে অন্যতম ২০১৬ সালে বাংলাদেশে গমের ব্লাস্ট রোগের আক্রমণ শনাক্তকরণে আন্তর্জাতিক বিজ্ঞানীদলের নেতৃত্ব দেওয়া। এছাড়া তাঁর উদ্ভাবিত সিআরআইএসপিআর-ভিত্তিক দ্রুত রোগ শনাক্তকরণ প্রযুক্তি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনন্য অবদান রেখেছে।
