গাজামুখী ফ্লোটিলা আটক: জবি শিক্ষার্থীদের ক্ষোভে বিক্ষোভ
রাকিব মাজহার,জবি প্রতিনিধি :
ইসরায়েলি বাহিনী কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে একত্রিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ফ্রি ফিলিস্তিন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানো ও আটককৃত ত্রাণকর্মীদের মুক্তি নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা নিতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিহাদ বলেন, “গাজার উদ্দেশ্যে পাঠানো ত্রাণবাহী জাহাজগুলো মুক্ত করে অতিবিলম্বে ত্রাণ পৌঁছানো হোক। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।”
আইএমএল বিভাগের শিক্ষার্থী শের আলী বলেন, “ইসরায়েলি জায়নবাদীদের হত্যাযজ্ঞ বন্ধ করা মানবতার লড়াই। আমরা জবি শিক্ষার্থীরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই—ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই রুখে দাঁড়ান।”
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার সভাপতি এ কে এম রাকিব বলেন, “আমরা শুধু নেতানিয়াহুকে নয়, বরং যারা তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছে—তাদের বিরুদ্ধেও কথা বলতে হবে। মার্কিন আগ্রাসন ও মুসলিম বিশ্বের নীরবতার বিরুদ্ধেও প্রতিবাদ গড়ে তুলতে হবে।”
প্রসঙ্গত, ইসরায়েলি অবরোধ ভেঙে গাজা উপকূলে সহায়তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শত শত কর্মী ৪০টির বেশি নৌযানে যাত্রা করছেন। এর মধ্যেই ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলোতে জলকামান নিক্ষেপ, যোগাযোগ ব্যবস্থা অচল এবং কর্মীদের আটক করে।
