গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জি–সেভেন নেতাদের জি-৭

অনলাইন ডেস্ক

শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭ ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধবিরতি ও ত্রাণসহায়তা পৌঁছানোর পথ করে দেওয়ার আহ্বান জানিয়েছে। জাপানের রাজধানী টোকিওতে জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলন থেকে বুধবার যৌথ বিবৃতি দিয়ে এই আহ্বান জানানো হয়েছে।

তবে টোকিওতে দুই দিনের এ সম্মেলন শেষে জোটের পক্ষে সাধারণ যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়নি।

খবর অনুসারে, জোটের পক্ষে ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে মন্তব্য করা হয়েছে। জি–৭–এর সাত সদস্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান।
যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় মানবিক সংকটের দ্রুত অবনতির বিষয়টি সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা জোর দিচ্ছি। আমরা মানবিক দিক বিবেচনায় সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতির পক্ষে। একই সঙ্গে (গাজায়) জরুরি ত্রাণসহায়তা পৌঁছানো, বেসামরিক মানুষদের চলাচল ও (হামাসের কাছে) জিম্মি ব্যক্তিদের মুক্তির জন্য একটি পথ (করিডর) তৈরি করার পক্ষে।

জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টিতেও জোর দেন। তারা বলেন, আন্তর্জাতিক আইন মেনে দেশ ও দেশের মানুষকে রক্ষায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। যাতে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যেভাবে হামলা চালিয়েছে, তার যেন পুনরাবৃত্তি না ঘটে।

বিবৃতিতে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, ‘আমরা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন হামাসকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকে এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য আর কোনো পদক্ষেপ না নেয়। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য নিজেদের প্রভাব কাজে লাগায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights