সাকিবকে নিয়ে মন্তব্য, ধারাভাষ্য থেকে ওয়াকারের নাম প্রত্যাহারে পদক্ষেপ নিতে রুল জারি

অনলাইন ডেস্ক

সাকিব আল হাসানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় পাকিস্তানের সাবেক কিংবদন্তি বোলার ওয়াকার ইউনিসের নাম ধারাভাষ্যকারের তালিকা থেকে প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি সভাপতিকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। বিসিবি ও বিসিবি সভাপতিকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৬ নভেম্বর চলতি বিশ্বকাপে ‘বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা’ ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে ক্রিকেট ইতিহাসে প্রথম ‘টাইমড আউট’ হন লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস।
এ নিয়ে কড়া সমালোচনা করেন ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিস। এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম খবর-প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত এমন একটি প্রতিবেদন যুক্ত করে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খান। রিটে আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারদের তালিকা থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহার করতে নিয়ন্তা সংস্থা আইসিসির কাছে অভিযোগ জানাতে বিসিবির প্রতি নির্দেশনা চাওয়া হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রিটকারী এ বি এম ওয়ালিউর রহমান খান বলেন, ‘সাকিব আল হাসানের আবেদনে অ্যাঞ্জেলো ম্যাথুসের আউটের সিদ্ধান্ত একেবারে যথাযথ এবং আইনসম্মত। সাকিব আল হাসান তো আইনি কাঠামোর বাইরে গিয়ে এ আবেদন করেননি।

তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকার হয়ে ওয়াকার ইউনিস কিভাবে সমালোচনা করেন, বিরূপ মন্তব্য করেন! বরং ওয়াকার ইউনিসের সমালোচনা, মন্তব্য ক্রিকেটীয় চেতনা ও আইনের লঙ্ঘন। তার এই সমালোচনা অবমাননাকর মনে হয়েছে বলে রিট করেছি। রিটে নির্দেশনা চেয়েছিলাম। আদালত রুল দিয়েছেন।’

আগামী ১৯ নভেম্বর রুল শুনানির তারিখ রেখে এ সময়ের মধ্যে বিসিবি ও বিসিবি সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights