গাজার জন্য রাষ্ট্রীয় শোক, পতাকা অর্ধনমিত রাখবে মার্কিন দূতাবাসও

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গাজায় হাজারো ফিলিস্তিনির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

শুক্রবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটি নিরপরাধ জীবনের জন্য শোক প্রকাশ করছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শনিবার (২১ অক্টোবর) মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্র দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে আরও বলা হয়- এই সংঘাতে নিহত প্রতিটি ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য আমরা শোক প্রকাশ করি।
প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এর অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights