গাজীপুরে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অস্ত্র ও ইয়াবাসহ তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। যুবলীগ নেতা আজিজুর রহমান জনের মায়ের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড বেগুনবাড়ী এলাকার হৃদয় শেখ (২৪) সে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। বাকিরা হল, ছাত্রলীগের কর্মী আনোয়ার হোসেন (২৯) ও মেহেদী হাসান সিহাব (২৪)।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট গভীর রাতে কেওয়া পশ্চিমখন্ড প্রশিকা মোড় এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুঁড়ে যুবলীগ নেতার তিনটি গাড়ি ভাঙচুর করে আসামিরা। পরে রাতেই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় যুবলীগ নেতার মা রেখা রহমান বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ জনের নাম উল্ল্যেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার গভীর রাতে সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শনিবার গ্রেফতারকৃত তিনজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights