গাজীপুরে উদ্ধারকৃত নারীর অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালো রঙের সুটকেসের ভেতর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে। নিহত নারীর বড় ভাই মো. সোহেল তার ছোট বোনকে শনাক্ত করেন।

নিহত ওই নারীর নাম ডলি আক্তার (৩০)। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পাহাড় পাবইজান গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে।

শুক্রবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় একটি বহুতল ভবনের পাশে কালভার্টের নিচে একটি সুটকেস দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস খুলে নারীর অর্ধগলিত মরদেহের একটি অংশ উদ্ধার করে। এরপর আশপাশে অনুসন্ধান চালিয়ে বস্তাবন্দি অবস্থায় অন্য অংশ উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার নিহতের বড় ভাই মো. সোহেল তার বোনের লাশ শনাক্ত করেন। এই ঘটনায় সোহেল বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের শনাক্ত করতে পিবিআই, সিআইডিসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। কারা, কীভাবে তাকে হত্যা করেছে সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে মরদেহের অংশবিশেষ সুটকেস ও বস্তায় ভরে নির্জন ওই স্থানে ফেলে রেখে যেতে পারে। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights