গাজীপুরে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী ছাপড়া মসজিদ এলাকায় কাউসারের গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পাশে থাকা কবির হোসেনের গুদামে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ও কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঝুট গোডাউনের মালিক কবির হোসেন জানান, কাউসারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে পাশে থাকা তার দুইটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, গুদামগুলোতে গার্মেন্টেসের ঝুট (ওয়েস্টজ মালামাল) ছিলো। এছাড়াও ১৫ টি সুইং মেশিন ও দুটি কাটিং মেশিন ছিল, সবই পুড়ে ছাই হয়ে গেছে।

কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত ১টা ৫০ মিনিটের দিকে কোনাবাড়ী দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী ছাপড়া মসজিদ এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে সারাবো মর্ডান ফায়ার স্টেশনের দুটি এবং কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights