গাজীপুরে মাটির নিচ থেকে নবজাতক উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় মাটি চাপা অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর দুইটার দিকে শিরিরচালা এলাকার ছামিট ক্যাডেট একাডেমীর পেছনের মাঠে মাটি চাপা অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। পরে স্বপ্না বেগম নামে এক নারী শিশুটিকে উদ্ধার করে।

স্বপ্না বেগম জানান, তার বাড়ির কাছে মাঠে ছোট শিশুরা খেলছিল। হঠাৎ তারা মাটির নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। তখন এক মুরব্বি মাটি সরিয়ে দেখতে পান, নার কাটাহীন এক নবজাতক মাটির নিচে উপুর করে চাপা দেওয়া অবস্থায় পড়ে আছে। শিশুটিকে উদ্ধার করে মাটি থেকে তোলার পর স্বপ্না বেগম তাকে বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করেন এবং দুধ খাওয়ান। এরপর শিশুটিকে মাওনার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, কে বা কারা ওই নবজাতককে মাটি চাপা দিয়ে রেখে যায় তা এখনও জানা যায়নি। স্থানীয় এক নারীর মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। থানায় আনার পর সমাজসেবা অফিসার মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করে সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় শিশুটিকে তাদের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনা তদন্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।

গাজীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা মোবারক হোসেনের জানান, শিশুটিকে আপাতত: নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং তার সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিশুটির দায়িত্ব নিতে ইতিমধ্যে অনেকেই এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights