গুয়াতেমালায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ জনের

অনলাইন ডেস্ক

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের ইন্টার আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু রয়েছে। আহত ১৯ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে গুয়াতেমালার সোলোলা বিভাগের ইন্টার আমেরিকান হাইওয়ের ১৭২ থেকে ১৭৪ কিলোমিটার অংশের মধ্যে। এলাকাটি ঘন কুয়াশাপ্রবণ হওয়ায় প্রায়ই চালকদের দৃষ্টিসীমা মারাত্মকভাবে ব্যাহত হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার ভোরে অগ্নিনির্বাপণ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, খাদে পড়ে থাকা বিধ্বস্ত বাসটির চারপাশে দমকলকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, ঘন কুয়াশা ও সীমিত দৃশ্যমানতা এই দুর্ঘটনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights