সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতীয় শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা এবং পরিবারকে সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার শিক্ষার্থীর নাম মনোজ সাই লেল্লা।

২২ বছর বয়সী মনোজ সাই লেল্লা টেক্সাস অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের সিনিয়র শিক্ষার্থী। গত সোমবার তাকে গ্রেপ্তার করে ফ্রিস্কো পুলিশ।

পুলিশ জানায়, মনোজের পরিবারের সদস্যরা তার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা এবং সন্ত্রাসী হামলার হুমকির বিষয়ে অভিযোগ জানালে পুলিশ সংশ্লিষ্ট বাসভবনে যায়। সেখানে প্রাথমিক তদন্তের পর তাকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর কয়েক দিন আগে ওই বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছিলেন বলে মনোজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

মনোজ সাই লেল্লার বিরুদ্ধে বসবাসযোগ্য স্থান বা উপাসনালয় ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে, যা প্রথম ডিগ্রির একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। পাশাপাশি পরিবারের সদস্য বা একই গৃহের বাসিন্দার বিরুদ্ধে সন্ত্রাসী হুমকির অভিযোগও আনা হয়েছে, যা ক্লাস এ মিসডিমিনার অপরাধের মধ্যে পড়ে।

তবে কোনো উপাসনালয়কে লক্ষ্য করে হুমকির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আদালতের নথি অনুযায়ী, অগ্নিসংযোগের অভিযোগে মনোজের জামিন নির্ধারণ করা হয়েছে এক লাখ মার্কিন ডলার। আর সন্ত্রাসী হুমকির অভিযোগে জামিনের পরিমাণ ধরা হয়েছে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights