গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

অনলাইন ডেস্ক

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১ সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এই যৌথ অভিযান শুরু হয়। অভিযানে লেকপাড় ও সড়কের পাশের প্রায় অর্ধশতাধিক অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, রাজউকের ভারী হুইল এস্কেভেটর দিয়ে ফুটপাতের ওপর গড়ে তোলা সারি সারি অস্থায়ী দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে।

গুলশান-১ থেকে গুদারাঘাট অভিমুখে যাওয়ার পথে ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব দোকান উচ্ছেদের পর অভিযানটি লেকপাড়ের দিকে অগ্রসর হয়। সেখানেও ফুটপাত ও চলাচলের পথ আটকে তৈরি করা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উচ্ছেদ চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকানের কারণে সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নগরবাসীকে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ। অবৈধ দখলের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

অভিযান শেষে উচ্ছেদকৃত স্থানের পরিমাণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ডিএনসিসি ও রাজউক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights