গোপালগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফারুক আহমেদকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি।

জানা গেছে, সার্টিফিকেট সংক্রান্ত নথিপত্রসহ আরএমও ডা. মো. ফারুক আহমেদকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করেন গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন। কিন্তু একাধিকবার নির্দেশনা সত্ত্বেও তিনি নথিপত্র নিয়ে হাজির না হওয়ায় তাকে ৫ দিনের বিনাশ্রম সাজা দেন আদালত।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ইতঃপূর্বে ডা. ফারুক আহমেদকে আদালত একটি মামলায় কিছু কাগজপত্র ও নথি চেয়ে তলব করেন। কিন্তু দীর্ঘদিন তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এটার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এর ভিত্তিতে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights