গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম

গোপালগঞ্জ প্রতিনিধি

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে বিভিন্ন বিভাগ ও দপ্তরে ২৩টি ডেস্কটপ কম্পিউটার এবং ১০টি প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মেডিকেল সেন্টারে উপস্থিত থেকে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন সরঞ্জাম সংযোজনের ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন সরকারি হাসপাতালের তুলনায় কম খরচে সিবিসি, লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, গ্লুকোজ, ইউরিক অ্যাসিড, এসজিপিটি, এএলপি, ডেঙ্গু পরীক্ষা, ইসিজিসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

পরে সকাল ১১টায় উপাচার্য তার কার্যালয়ে বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানদের হাতে ২৩টি ডেস্কটপ কম্পিউটার ও ১০টি প্রজেক্টর তুলে দেন।

এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights