‘গ্যাস বুস্টার’ ব্যবহার না করার অনুরোধ
অনলাইন ডেস্ক
গ্রাহকদের ‘গ্যাস বুস্টার’ বা গ্যাস টানার মেশিন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শুক্রবার এক বার্তায় বাখরাবাদ গ্যাস বলেছে, আশঙ্কাজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিছু গৃহস্থালি শ্রেণির গ্রাহক এয়ার পাম্প/কম্প্রেসরকে গ্যাস লাইনের সাথে সংযুক্ত করে গ্যাস টেনে রান্নার কাজে ব্যবহার করছেন। গ্রাহকের নিকট যা গ্যাস কম্প্রেসর বুস্টার/গ্যাস টানার মেশিন নামে পরিচিত। গৃহস্থালি শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে এ ধরনের যন্ত্র ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ ধরনের ইলেকট্রিক যন্ত্রের ব্যবহারের ফলে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ/অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা থাকে। তাই গৃহস্থালি শ্রেণির গ্রাহকদের গ্যাস কম্প্রেসর/বুস্টার/গ্যাস টানার মেশিন ইত্যাদি সরঞ্জাম ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, এ ধরনের সরঞ্জামের ব্যবহার শনাক্ত করা গেলে গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং গ্যাস আইন ২০১০ ও গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
