গ্রিস কোস্টগার্ড নৌকার সঙ্গে সংঘর্ষ, ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত
অনলাইন ডেস্ক
সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে গ্রিস কোস্টগার্ডের টহল নৌকার সঙ্গে অভিবাসীবোঝাই একটি নৌকার ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে পূর্ব এজিয়ান সাগরে এই দুর্ঘটনা ঘটে।
গ্রিস কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অভিবাসীদের বহনকারী নৌকাটি খুবই ছোট এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। গ্রিস কোস্টগার্ডের একটি দ্রুতগামী টহল নৌকার সঙ্গে সেটির সংঘর্ষ হলে অভিবাসীদের নৌকাটি মুহূর্তেই ডুবে যায়। কোস্টগার্ড নৌকাটিকে তাড়া করছিল।
দুর্ঘটনার পরপরই গ্রিস কোস্টগার্ড বড় আকারের উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি জানায়, যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। তাদের মধ্যে সাতজন শিশু, একজন অন্তঃসত্ত্বা নারী এবং কোস্টগার্ডের দু’জন কর্মকর্তা রয়েছেন। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে সেখানে একটি বড় ধরনের তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এই অভিযানে কোস্টগার্ডের চারটি জাহাজ, বেসামরিক ডুবুরি বহনকারী একটি ব্যক্তিগত নৌকা এবং একটি হেলিকপ্টার অংশ নিয়েছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই সংঘর্ষটি ঘটল, তা কোস্টগার্ড এখনও স্পষ্ট করেনি। সূত্র: বিবিসি, আল-জাজিরা, দ্য গার্ডিয়ান
