গ্রেনেড বিস্ফোরণে রাশিয়ার বিমান কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক

গ্রেনেড বিস্ফোরণে রাশিয়ার একজন বিমান কমান্ডার নিহত হয়েছেন। তার নাম মেজর জাউর গুর্তসিয়েভ (৩৪)।

তিনি ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মারিউপোল অবরোধকালে রাশিয়ার বিমান অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। সম্প্রতি তিনি স্ট্যাভরোপল শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্ট্যাভরোপলের মেয়র ইভান উলইয়ানচেঙ্কো বৃহস্পতিবার গুর্তসিয়েভের নিহতের খবর নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার রাতে একটি আবাসিক এলাকার কাছে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত হন। তাদের মধ্যে একজন ছিলেন গুর্তসিয়েভ।

স্ট্যাভরোপল অঞ্চলের গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরোভ এ ঘটনাকে একটি ‘অন্ধকার দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, এমনকি ইউক্রেনীয় নাৎসিদের দ্বারা সংগঠিত সন্ত্রাসী হামলার আশঙ্কাও রয়েছে’।

রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো হত্যা ও অবৈধ অস্ত্র চোরাচালান সংক্রান্ত একটি ফৌজদারি মামলার তদন্ত শুরু করেছে। রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ত্রিকিন আঞ্চলিক কর্মকর্তাদের তদন্ত অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে সংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজ রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী-সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, এক ব্যক্তি পার্কিং লটে অন্য একজনের কাছে গেলে একটি বিস্ফোরণ ঘটে।

ধারণা করা হচ্ছে, ভিডিওতে থাকা এক ব্যক্তি গুর্তসিয়েভ হতে পারেন। যদিও সরকারি কোনও বিবৃতিতে এটি নিশ্চিত করা হয়নি। সূত্র: মস্কো টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights