নিম্নচাপে বরিশালে বিপৎসীমার ওপর নদীর পানি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গভীর নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকে বরিশালে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যা বৃহস্পতিবার দিনভর ছিল। আগামী ১ জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এদিকে, নিম্নচাপের কারণে বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। তবে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, নিম্নচাপের প্রভাবে আগামী ১ জুন পর্যন্ত বরিশালে ভারী বৃষ্টিপাত হবে। বুধবার রাত সাড়ে ১১টা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত ৭০.০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে বরিশালের তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে কমে এখন ২৬ ডিগ্রি সেলসিয়াসে এসে নেমেছে। এ অবস্থা আরো ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে।

পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে, বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি বেড়ে যাওয়ায় নগরীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি উঠেছে। এছাড়াও নগরীর সদর রোডসহ কয়েকটি সড়কে হাঁটু অবদি পানি উঠেছে।

বরিশালের বিশখালী নদীর ঝালকাঠি ও বেতাগী অংশে-ঝালকাঠিতে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ও বেতাগীতে ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সুরমা ও মেঘনা নদীর পানি ভোলার দৌলতখানে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলায় ১০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িশ্বর নদীর পটুয়াখালীর মির্জাগঞ্জ অংশে ৩ সেন্টিমিটার, কচ নদীর উমেদপুর অংশে ১৩ সেন্টিমিটার, পিরোজপুর অংশে ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights