‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি

আন্তর্জাতিক ডেস্ক
অভিনেত্রী তৃষাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ঘটে যাওয়া নাটকীয় গ্রেফতারের পরদিন তামিলনাড়ু বিধানসভায় মুখোমুখি অবস্থান নেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ও বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন। আদালত থেকে মুক্তি পেয়েই বুধবার বিধানসভা ভবনে উপস্থিত হয়ে তোপ দাগেন ডিএমকে নেতা উদয়নিধি।

তিনি অভিযোগ করেন, বাজেট পেশের আগে রাজ্যের আসল জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো থেকে জনগণের নজর অন্যদিকে ঘোরাতেই টিভিকে (তামিলগা ভেট্রি কাজাগাম) সরকার তার গ্রেফতারের এই নাটক সাজিয়েছিল।

মঙ্গলবার সকালে চেন্নাইয়ে নিজের বাসস্থান থেকে উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করে পুলিশ। এক জনসভায় অভিনেত্রী তৃষার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তামিলগা ভেট্রি কাজাগামের করা মামলার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে সেদিনই মাদ্রাজ হাইকোর্ট জিজ্ঞাসাবাদ শেষে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। মুক্তি পেয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে উদয়নিধি জানান, তিনি কোনো আপত্তিকর মন্তব্য করেননি। তার ভাষণের একাংশ কেটে বা এডিট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। তিনি আরও বলেন, অনেকে তার মন্তব্যে দ্বিঅর্থক বার্তা খুঁজে পাওয়ার দাবি করলেও তিনি স্পষ্ট ভাষায় কৃষকদের পানির চাহিদার কথাই তুলে ধরেছিলেন এবং নারীদের সম্মানহানি করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তামিলনাড়ুর প্রতিটি মা ও বোনকে তিনি নিজের পরিবারের সদস্য হিসেবেই গণ্য করেন।

এদিকে গ্রেফতার ও মুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় সেটির তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা। বিধানসভার বাইরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্ট্যালিন বলেন, মুখ্যমন্ত্রী কেন এই বিষয়ে চুপ আছেন, তা তাকেই গিয়ে প্রশ্ন করা উচিত। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, রাজ্যের মূল সমস্যাগুলো ধামাচাপা দিতেই পুলিশকে দিয়ে এই গ্রেফতারের কৌশল অবলম্বন করা হয়েছিল।

একই দিনে বিধানসভায় টিভিকে সরকারের প্রথম বাজেট পেশ করেন তামিলনাড়ুর অর্থমন্ত্রী এন মেরি উইলসন। তবে এই বাজেটকে সরাসরি ‌‌‘জিরো বাজেট’ বলে প্রত্যাখ্যান করেছেন উদয়নিধি স্ট্যালিন। সরকার গঠনের ১০০ দিন পেরিয়ে গেলেও এই প্রশাসন শূন্য পাওয়ার যোগ্য দাবি করে তিনি অভিযোগ করেন, আগের ডিএমকে সরকারের সময় ঘোষিত উন্নয়নমূলক প্রকল্পগুলোর নাম ও ব্র্যান্ডিং পরিবর্তন করে এই বাজেটে নতুন নামে চালানো হয়েছে।

অন্যদিকে, বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী এন মেরি উইলসন মুখ্যমন্ত্রী বিজয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি দাবি করেন, দরপত্র বা টেন্ডার প্রক্রিয়ায় এতদিন যে নির্দিষ্ট দল বা ব্যক্তির কমিশন নেওয়া বা পার্সেন্টেজ দেওয়ার সংস্কৃতি গড়ে উঠেছিল, তা বর্তমান সরকার বন্ধ করেছে। অর্থনৈতিক সংকট থেকে রাজ্যকে মুক্ত করার ঘোষণার পাশাপাশি টিভিকে দলের প্রধান দুটি প্রতিশ্রুতি অনুযায়ী দুটি সোনা সহায়তা প্রকল্পের জন্য ১,৩০০ কোটি রুপিরও বেশি বরাদ্দ করা হয় বাজেটে।

এর পাশাপাশি, সর্বভারতীয় চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর বিরোধিতা করে এটি বাতিল করে আগের মতো দ্বাদশ শ্রেণির ফলাফলের ভিত্তিতে ভর্তির নিয়ম চালু করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানান অর্থমন্ত্রী। তবে নিট ইস্যুতে মুখ্যমন্ত্রী বিজয়কে পাল্টা আক্রমণে ছাড়েননি উদয়নিধি। তিনি অভিযোগ করে বলেন, যে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, স্বয়ং বিজয় সরকার সেই প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধেই উল্টো আইনি মামলা দায়ের করেছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights