নানা কর্মসূচিতে হাবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
দিনাজপুর প্রতিনিধি
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপাচার্যের বাণী পাঠ ও বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন, ক্যাম্পাসে আলোকসজ্জা এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন।
সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান উপস্থিত ছিলেন।
পরে ডিন কাউন্সিল, হল সুপার কাউন্সিল, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল, অফিসার্স ফোরাম, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ, হাবিপ্রবি ছাত্রদল এবং হাবিপ্রবি স্কুলের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপাচার্যের বাণী পাঠ ও বিতরণ করা হয়। বাণী পাঠ করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন।
সকাল সাড়ে ১০টায় টিএসসি প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যা।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
