ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ায় ঘুড়ি ওড়ানোর সময় ভবনের ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আদিব কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার রুহুল আমিনের ছেলে। সে পরিবারের সঙ্গে খিলক্ষেতের নামাপাড়ার চানাচুর গলির একটি বাসায় থাকতো।

শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আদিবের বাবা রুহুল আমিন জানান, দুপুরে বাসার সবাই ঘুমিয়ে পড়লে আদিব একাই ছাদে ঘুড়ি ওড়াতে যায়। সেখান থেকে হঠাৎ সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights