ঘুরে দাঁড়ানোর প্রত্যয় লিটনের

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারার পর পাকিস্তান সফরের শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৩৭ রানে হেরে গেছে টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে লিটন দাসের দল।

বুধবার (২৮ মে) লাহোরে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান এবং নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ২০১ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তবে অধিনায়ক লিটনের বিদায়ের পর ব্যাটিং ধসে পড়ে, আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা। ব্যর্থতার হতাশা থাকলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দেখিয়েছেন লিটন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘হ্যাঁ, অবশ্যই পুরো ম্যাচজুড়েই আমরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিন বিভাগেই ভালো করতে পারিনি। আমাদের কামব্যাক করতে হবে। এখনো সিরিজের দুই ম্যাচ বাকি আছে। ধারাবাহিকতা ধরে রাখতে হবে, আর শুধু ব্যাটিং বা বোলিং নয়, ফিল্ডিংয়েও উন্নতি প্রয়োজন।’

নিজ দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে তিনি বলেন, ‘জাকের আলী অনিক গত এক বছরে ভালো পারফর্ম করছে। গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে। তবে একজনের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয়, সবাইকেই দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় মানসিক দিকটা অনেক গুরুত্বপূর্ণ। শুধু শারীরিক অনুশীলন নয়, মানসিক প্রস্তুতির প্রতিফলনও মাঠে আনতে হবে।’

বাংলাদেশের সামনে এখন আর কোনো বিকল্প নেই, সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে দ্বিতীয় ম্যাচ। লাহোরেই আগামী শুক্রবার (৩০ মে) অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights