চট্টগ্রামে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন-কুয়াইশ সড়কে দুর্বৃত্তের প্রকাশ্যে গুলিতে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকার মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। দু’জনই আওয়ামী লীগের সমর্থক। তারা স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, কে বা কারা মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার। এসময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এলোপাতাড়ি গুলি করে তাদের উপর। এ সময় গুলিবিদ্ধ হয়ে দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করেন। ঘটনাস্থলে পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।

স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights