চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড খ্যাত প্রধান কন্টেইনার টার্মিনাল নিউমুরিং (এনসিটি) দুবাই ভিত্তিক বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘ মেয়াদি ইজারা চুক্তি প্রক্রিয়া বাতিল ঘোষণাসহ চার দফা দাবিতে আগামীকাল ৮ ফেব্রুয়ারি রবিবার থেকে বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন এই প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে টানা বিক্ষোভ, অবরোধ, কালো পতাকা মিছিল, কর্মবিরতি কর্মসূচি পালন এবং গত দুদিন দাবি দাওয়া পূরণে কর্মসূচি শিথিল করার পর আবারও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম ফের অচলাবস্থার দিকে ধাবিত হচ্ছে। এতে করে আমদানি রফতানি পরিবহন এবং ব্যবসা বাণিজ্য সংকটের মুখে পড়ছে।

সংবাদ সম্মেলনে আরও যেসব দাবি উল্লেখ করা হয় তাতে রয়েছে- চট্টগ্রাম বন্দর সঙ্কটের জন্য মূল কারণ বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে অবিলম্বে প্রত্যাহার, আন্দোলনকারী শ্রমিক কর্মচারী নেতাদের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং তাদের স্ব স্ব পদে পুনর্বহাল, নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলাসহ কোনরূপ হয়রানি করা থেকে বিরত থাকা ইত্যাদি।

সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা পরিষদের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত করে দেশে আসন্ন জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল এবং বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর তথা এনসিটি রক্ষার সাথে দেশের সার্বভৌমত্বের বিষয় জড়িত।

তারা বলেছেন, গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দর সফরকালে এনসিটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ দাবিগুলো শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ তুলে ধরেন। কিন্তু দুঃখজনক যে, আজ ৭ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত উপদেষ্টার আশ্বাস পূরণে কোন পদক্ষেপ দৃশ্যমান নেই। এর ফলে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights