চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে প্রতিবাদ
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন গর্তে চারা রোপণ করেন তারা। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে অংশ নেন।
প্রতিবাদকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বেহালদশা এবং সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনাসহ ২৮ হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে তাদের এই প্রতীকী প্রতিবাদ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলে তারা প্রত্যাশা করেন।
