চলতি মাসে আবারও বন্যার শঙ্কা, ৩টি তাপপ্রবাহ হতে পারে

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে। কিছু অঞ্চলে এখনো বন্যার অবনতি হচ্ছে। এরই মধ্যে জানা গেল দুঃসংবাদ!

চলতি সেপ্টেম্বর মাসেই উত্তরাঞ্চল (রংপুর), উত্তর-পূর্বাঞ্চল (সিলেট) ও দক্ষিণ-পূর্বাঞ্চলে (চট্টগ্রাম) স্বল্প মেয়াদে আবারও বন্যা হতে পারে। সেইসঙ্গে চলতি মাসে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। গতকাল রবিবার আবহাওয়া অধিদফতরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান সভাপতিত্ব করেন।
বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান জানান, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে ৩ থেকে ৫ দিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে।

পরিচালক বলেন, এ মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে কয়েকটি স্থানে স্বল্প মেয়াদে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights