চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিন তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকারের ব্যবস্থাপনায় পর্যাপ্ত হামের ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান ব্যতীত দেশের বাকি জেলায় ইতোমধ্যেই প্রথম ধাপের হামের টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্যসেবার সামগ্রিক অগ্রগতি ও সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সম্প্রতি আমি দেশের প্রায় ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করেছি। আমার পরিদর্শনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত ৬ মাসে দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসা সেবার মান আগের চেয়ে বহুগুণ বেড়েছে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত দেখতে পেয়েছি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়মতো হাসপাতালে আসা-যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে সকালে হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্টরা।
