নিখোঁজের চার দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকায় জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসনা খাতুন পার্শ্ববর্তী বহলবাড়ী ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী। পুলিশের দাবি, তার কোমরে গামছা দিয়ে বালির বস্তা বাঁধা ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে হাসনা খাতুনের শেষ কথা হয়। এরপর তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে পরিবারের সদস্যরা তাঁকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শুক্রবার সকালে জিকে খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের দাবি, হাসনা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
