চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন
অনলাইন ডেস্ক
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। আরব দেশের সঙ্গে মিল রেখে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফকেন্দ্রিক এসব এলাকায় একদিন আগে ঈদ পালন করা হচ্ছে।
শুক্রবার সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।
এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন পীরজাদা আরিফুল্লাহ চৌধুরী।
দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে সময়ের ব্যবধানে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। শুরুতে অংশগ্রহণ কম থাকলেও এখন দেশের বিভিন্ন জেলায় এই ধারা অনুসরণ করা হচ্ছে।
মুসল্লি মোনায়েম হোসেন জানান, বিভিন্ন দেশের চাঁদ দেখার তথ্য যাচাই করে সন্দেহ থাকায় তা গ্রহণ করা হয়নি। তাই ৩০ রমজান পূর্ণ করে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগাম ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জের সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলবের দশানি, মোহনপুর, পাঁচানী এবং কচুয়ার কয়েকটি গ্রাম।
