চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত দুই সহস্রাধিক অসহায় নারী-পুরুষ নিখরচায় চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছে। শুক্রবার দুপুর থেকে উপজেলা সদরে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা সেবার আয়োজন করেন ফরিদগঞ্জের কৃতিসন্তান ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক এ.কে.এম. মোস্তফা হোসেন।

বিদ্যালয়ের ৪টি কক্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা থেকে আগত বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রাফি, ডাঃ শাহরিয়ার, ডাঃ তন্ময় সাহা, ডাঃ হাবিব, ডাঃ তানিম, ডাঃ ইমরোজ, ডাঃ শামছুন্নাহার ও ডাঃ সুমাইয়া রহমান রিপা।

চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক লোকমান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান প্রসঙ্গে অধ্যাপক এ.কে.এম. মোস্তফা হোসেন বলেন, তিনি চিকিৎসক হিসেবে কাজ শুরু করার পর থেকে এলাকার লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। উপজেলার বিভিন্ন স্থানে একাধিকবার নিজ উদ্যোগে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছেন। আজকের এই চিকিৎসা সেবার জন্য তিনি নিজস্ব অর্থে ১০ হাজার মানুষের জন্য ওষুধ নিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights